Thursday, February 19, 2015

বই মেলা ২০১৫


ভিড় কম বলে স্বস্তিতে বই কেনার আনন্দ
মাইনুল শাহিদ   ১৭ ফেব্রুয়ারী, ২০১৫ ইং
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ধীরে ধীরে জনসমাগম বাড়ছে। সৃজনশীল বইয়ের সম্ভারও বেশি। বেশিরভাগ লেখকই শুধু আনুষ্ঠানিকতার প্রয়োজনে ও অভ্যাসবশত বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে প্রবেশ করছেন। একাডেমি কর্তৃপক্ষের আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠান, নজরুল মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও তথ্যকেন্দ্রের সহায়তা নিতে সেখানে প্রবেশ করেন লেখালেখির জগতের বেশিরভাগ মানুষ।
ভিড় কিছুটা কম থাকায় পাঠকরা স্টলে নেড়েচেড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন। বিক্রেতাদের সঙ্গে দুদণ্ড কথা বলে নতুন বইয়ের খবরও জেনে নিচ্ছেন এ সুযোগে অনেকে। একাডেমি চত্বরে শিশুবিষয়ক প্রকাশনা ও সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানের স্টলগুলোর পাশাপাশি আছে লিটল ম্যাগাজিন চত্বর। বহেরাতলায় তরুণ লেখকদের আনাগোনা এই লিট্ল ম্যাগাজিন চত্বরেই। তারুণ্যের প্রকাশনা ও চর্চার দিকটি বিবেচনায় রেখে একাডেমি কর্তৃপক্ষ একটা আলাদা কর্নার বরাদ্দ করে প্রতি বছরই। এবার মূল মেলা থেকে বিচ্ছিন্ন এই তরুণদের চত্বরটি যেন দ্বীপের মতো। ছোটকাগজ মেঘ-এর সম্পাদক শাহিন লতিফ এ ব্যাপারে বলেন, আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। এবছর এখানে পাঠক সমাগম কম হচ্ছে। অনেকটা ফাঁকা মাঠেই বসে আছি আমরা। যারা আসছে তারা অন্য কাজে আসা-যাওয়ার পথে একটু ঢু মেরে যাচ্ছে কেবল। বেশিক্ষণ অবস্থান করছে না কেউ। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে জায়গা দিলে লেখকদের আনাগোনায় প্রাণবন্ত থাকত।
গতকাল সোমবার ছিল অমর একুশে গ্রন্থমেলার ১৬তম দিন। চলমান রাজনৈতিক বৈরি পরিস্থিতি ও হরতাল-অবরোধের প্রভাব পড়েছে মেলার উৎসবে। বাংলা বইয়ের সবচেয়ে বড় এই উত্সবের এই মধ্যভাগে এসেও মেলা জমে উঠেনি এখনও। ফাল্গুনী উৎসবের আমেজ মেলায়। মেলায় প্রবেশ করার মুখেই বিক্রি হচ্ছে ফুলের মুকুট, গোলাপ। কয়েকজন তরুণীকে দেখা গেল মুকুটশোভায় মেলায় ঘুরে বেড়াতে। বিকেল গড়াতেই মেলায় কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। বইয়ের ব্যাগ হাতে মেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে আলাপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী মারিয়ার সাথে, গত কয়েক বছর ধরেই আসি। খেয়াল করেছি, মেলার মাঝামাঝি সময়ে স্টলগুলোতে নতুন বইয়ের  সমাগম থাকে বেশি। আজই প্রথম এলাম। কি ধরনের বই কিনেছেন, প্রশ্ন করতেই জানালেন, সাইন্স ফিকশনের বই বেশি পছন্দ। জাফর ইকবাল, মোশতাক আহমেদের বই খোঁজ করেছি সবার আগে। একটি বই কিনেছি। অন্য বইগুলো নেড়েচেড়ে দেখেছি। আরও কয়েকদিন আসব। বাছাবাছি করে বই কিনতে ভাল লাগে।
কথা হচ্ছিল অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানার সঙ্গে মেলায় আজ ভিড় কম থাকায় পাঠকদের সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে। এতে বিক্রি একটু কম হলেও পাঠকদের সঙ্গে প্রকাশকদের যোগাযোগ বাড়ছে। আজ মঙ্গলবার মেলা আবার মুখর হয়ে উঠবে বিকেল তিনটা থেকে।
রোদেলা প্রকাশনীর স্টল বন্ধ
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত রোদেলা প্রকাশনীর স্টলটি বন্ধ হয়ে গেছে। স্টলের গায়ে সাদা কাগজে লেখা আছে, রোদেলা প্রকাশনী স্টলটি বন্ধ করা হলো, বাংলা একাডেমি কর্তৃপক্ষ। জানা যায়, নীতিমালা ভঙ্গ করায় রোদেলা প্রকাশনীর স্টল বাতিল করা হয়।
বইমেলায় রোদেলা থেকে প্রকাশিত একটি বই নিয়ে আলোচনা-সমালোচনার কারণে বইটি বাজার থেকে কয়েকদিন আগে তুলে নেয়া হয়। এর প্রকাশনাও বাতিল করেন প্রকাশনীর কর্নধার রিয়াজ খান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ভুলবশত বইটিতে বিতর্কিত অংশটি ছাপা হয়েছে। এজন্য তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
নতুন বই
গতকাল মেলায় প্রকাশিত হয়েছে ৯৮টি বই। ভাষাচিত্র থেকে মুস্তাফিজ শফির কবিতার বই কবির বিষণ্ন বান্ধবীরা, শুদ্ধস্বর থেকে আলফ্রেড খোকনের কবিতার বই দুর্লভার দিন, ভাষাপ্রকাশ থেকে ধ্রুব এষের কিশোর উপন্যাস আমার ভূত ও আমার গল্প, বাংলাপ্রকাশ থেকে সাইফুল্লাহ মাহমুদ দুলালের উপন্যাস যুদ্ধশিশুর জীবনযুদ্ধ, অনিন্দ্য থেকে আহমদ রফিকের বাঙালির স্বাধীনতাযুদ্ধ প্রথমদিনেই পাঠকদের সাড়া পেয়েছে।
মূল মঞ্চের আয়োজন
গতকাল সোমবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ রেজা। আলোচনায় অংশ নেন কাজল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শাহীনুর রহমান, রাশিদ আশকারী এবং মোহাম্মদ জয়নুদ্দীন। সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আতিকুর রহমান উজ্জ্বলের পরিচালনায় নৃত্য সংগঠন ভোরের পাখির শিল্পীদের পরিবেশনা। সংগীত পরিবেশন করেন ইয়াসমিন মুশতারী, ফাহিমা হোসেন চৌধুরী, খায়রুল আনাম শাকিল, চঞ্চল খান, মকবুল হোসেন, চৌধুরী মোস্তাক হোসেন, অচিন্ত কুমার হাজং, বিবেকানন্দ দাস এবং মোহাম্মদ হানিফ।
আজকের আলোচনা
আজ মঙ্গলবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে শিল্পী কাইয়ুম চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী রফিকুন নবী। আলোচনায় অংশগ্রহণ করবেন মফিদুল হক, মইনুদ্দীন খালেদ এবং সাজ্জাদ শরিফ। সভাপতিত্ব করবেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী।

0 comments:

Post a Comment